City-Birds

City-Birds
Black&White Photograph - (Place: Katwaria Sarai, N. Delhi - Camera: Nicon F-55)

Blog Archive

19 Sept 2010

প্লাস্টিক নাচ



কফির কাপে কফির তাপে
প্লাস্টিক গ'লে জল -
প্রগতিশীল ভারত নিখিল
ক্যানসার খাই চল!

ট্রেনের তালে, কলির কালে
বাউল ক্যারাওকে
কারসিনোজেন্‌ দোকানে কেন
ভর'গা নাকে-মুখে!

চায়ের ভাঁড়ে কুমোর মরে
অর্থনীতির লড়াই
প্লাস্টিক কাপ, বিদেশের ছাপ
স্টেটাসের হাত বাড়াই!

গাঁয়ের মুখখু, পথের ভিক্ষু
বরাত খুলে গেলে -
জঞ্জাল ঘেঁটে, পথে-মাঠে-ঘাটে,
রিসাইকেলের থলে!

কিন্‌লের জল, বেচলে বোতল
ভাতের টাকা হোল -
গাছ কেটে মাঠ, মাঠ কেটে ঠাট
অট্টালিকা তোল!

বম্বের নালি ভরে যায় খালি
প্লাস্টিক জঞ্জালে
ধারাভি'র চাল - বন্যার জল
সিনেমায় রঙ তোলে!

খেতে না-ই পাই, মোবাইলটা চাই -
চাষির ঘরে টিভি
কথার প্যাঁচে, খ্যামটা নাচে
পেট ভরিয়ে নিবি!

বুকনি ঝেড়ে, আঙুল নেড়ে
পাড়া কাঁপায় নেতা -
বন্ধের ডাক - বাস পুড়ে খাক
আমরা স্বাধীন-চেতা!

হরতাল করে, গলার জোরে
পাড়ার মোড়ে ক্রিকেট
আশি-শতাংশ দেশের বংশ
রাত্তিরে খালি-পেট!

খবর-কাগজ - ধোলাই মগজ
দেশের অবস্থা জান?
গরিবি হাটাও - বুদ্ধি খাটাও
জি.এম. ফসল আনো!

জঙ্গল কাটো - মুনাফা বাঁটো
রক্তে ভেজা ঘাস
প্লাস্টিকে মুড়ে ফেলে দাও ছুঁড়ে
আদিবাসীদের লাস।

একশ-কোটি টাকার নোট-ই
জিতিয়ে দেবে বাজি -
মিথ্যে-কথা, কৃত্রিমতা
তাতেই আমরা রাজি!

চাঁদের বুড়ি - এই-যাঃ, থুড়ি!
হ্যারি পটের খোকা
চরকা ছেড়ে, কঞ্চি-নেড়ে
স্বপ্ন-পুরীর ধোঁকা।

বহুরূপী আর রায়বেঁশে তার
পসরা গুটিয়ে নিলো -
সন্ধ্যে হোলে, মিরাক্কেল-এ
বিনোদন সেরে ফেলো!

সং-সাজা ছেলে, দুটো টাকা পেলে
বুনবে স্বপ্ন-জাল,
জাদুর-জোরে ঘুমের ঘোরে
ট্রেনের দুলকি-তাল।

এদিকে ছেলেটা, বহূরূপী ব্যাটা
বিরাট জোব্বা পড়ে,
বীর হনুমান সেজেছে তখন
প্লাস্টিক ল্যাজ নেড়ে -

ওদিকে আমরা, সভ্য বাবুরা
তর্কে উঠেছি মেতে -
কোনটা সঠিক - কার কথা ঠিক
কোন দল কত জেতে?

রঙ-মাখা সং হাসছে যখন
রাবণ-রাজার বেশে
ট্রেনে যেতে-যেতে সিগারেট খেতে
গেটে দাঁড়াই এসে।

দরজা থেকে দেখছি ঝুঁকে,
ট্রেনের তালে-তাল -
হঠাৎ দেখি, ওমা! একি?
কিম্ভুত কলি-কাল -

মুখ-ধোয়া কলে, জমে থাকা জলে
ভাসছে যুগের মাপ -
নিজের মনেই নাচছে দুজনে,
দুটো প্লাস্টিক কাপ ।।

- সেপ্টেম্বর ২০১০
আদিত্য সেন।